তিতাস কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের আগুনে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে শান্টিংয়ের সময় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শান্টিং চলাকালে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ড্রেসিং ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করে মূল ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। পরবর্তীতে ট্রেনটি নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া স্টেশন ছেড়ে যায়। এই ঘটনার পর স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবির যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটির পেছনে কারা জড়িত তা নিশ্চিতে তদন্ত কার্যক্রম চলছে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)