টঙ্গীতে মাদ্রাসাছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার নয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকায় শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।
গতকাল রোববার (৮ নভেম্বর) রাতে ছাত্রকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ভুক্তভোগী শিশুর মায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হলে তাকে গ্রেপ্তার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগআলী এলাকায় মিফতাহুল মাদ্রাসার ছাত্র মো. ওসমান গনি নাঈম (৯)। গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরের দিন বৃহস্পিতবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এ সময় সে তার মাকে বিষয়টি খুলে বলে। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার জানার পর পরই মাদ্রাসা শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ঘটনার দায় স্বীকার করে নেওয়ায় মামলা রুজু হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর