লালবাগ থেকে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার
রাজধানী ঢাকার লালবাগ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার এই দুই নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

এনটিভি অনলাইন ডেস্ক