দেশের মাটিতেই ফলছে সুস্বাদু রসালো কমলা
একসময় বিদেশি ফল হিসেবে পরিচিত কমলা এখন ফলছে বাংলাদেশের মাটিতেই। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সোনালি ও হলুদ রঙের কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। কোথাও পাকা কমলা সংগ্রহে ব্যস্ত বাগানিরা, আবার কোথাও গাছভর্তি ফল দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এমন মনোরম দৃশ্যের দেখা মিলছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে।
স্থানীয় মাটিতে চায়না জাতের কমলার এমন ফলন দেখে খুশি উদ্যোক্তারাও। প্রায় ১০০ শতক জমিতে গড়ে তোলা দুটি বাগান থেকে চলতি মৌসুমে প্রায় সাত টন কমলা উৎপাদনের আশা করছেন তারা। যার সম্ভাব্য বাজারমূল্য ১৪ থেকে ১৫ লাখ টাকা।
বাগান দুটির উদ্যোক্তা আলমগীর ও খোকন মিয়া। তাদের বাগানে রয়েছে প্রায় ১৬০ থেকে ১৭০টি কমলাগাছ। প্রতিটি গাছেই কমবেশি ফল ধরেছে। ভালো ফলন পাওয়ায় আগামীতে এ চাষ আরও সম্প্রসারণের স্বপ্ন দেখছেন তারা।
বাগানমালিক খোকন মিয়া বলেন, স্থানীয় মাটিতে কমলা চাষের সম্ভাবনা কাজে লাগাতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার কারণে বাগানে ভালো ফলন পাওয়া যাচ্ছে। তাদের এই সাফল্য নতুন করে কৃষিতে বিনিয়োগের সাহস জোগাচ্ছে।
এদিকে কমলার বাগানের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন। কেউ বাগান ঘুরে দেখছেন, কেউ নিজের হাতে গাছ থেকে কমলা পেড়ে কিনছেন। আবার অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
দেশের মাটিতে বিদেশি জাতের কমলার এমন সফল চাষ দেখে মুগ্ধ দর্শনার্থীরাও। তাদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি প্রচলিত ফসলের বাইরে নতুন ধরনের কৃষিকাজে আগ্রহী হচ্ছেন স্থানীয় তরুণেরা।
দুই উদ্যোক্তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের এলাকাতেও কমলা চাষের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে কেউ কেউ নতুন বাগান গড়ে তুলতে চারা রোপণ শুরু করেছেন। পরিকল্পিতভাবে এ চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় পর্যায়ে ফলের উৎপাদন বাড়ার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। বাড়বে কৃষকের আয়, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম বলেন, উপজেলার মাটি ও পরিবেশ বিভিন্ন ধরনের ফল চাষের জন্য সম্ভাবনাময়। কৃষিতে বৈচিত্র্য আনতে নতুন নতুন ফলের বাগান গড়ে তোলার সুযোগ রয়েছে। কমলার ভালো ফলন হওয়ায় নতুন করে এ ফল চাষে ঝুঁকছেন কৃষকেরা।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)