সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। স্বপ্ন ছিল প্রবাসে উপার্জন করে পরিবারের অভাব দূর করবেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়বেন। সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করে বিদেশে যান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। নানা প্রতিকূলতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরতে হয় তাঁকে। এরপর সমন্বিত হাঁস-মাছ চাষে সফল। তিনি হলে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক।
প্রবাসজীবনের সেই ব্যর্থতা শফিকের জীবনে নেমে আনে হতাশার কালো ছায়া। একদিকে বিদেশে যাওয়ার জন্য ব্যয় করা বিপুল অর্থ হারানোর কষ্ট, অন্যদিকে পরিবারের দায়িত্ব ও চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি।
তবে শফিকুল ইসলাম শফিক হাল ছেড়ে দেননি। তিনি বিশ্বাস করতেন, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে নিজের দেশেও সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করা সম্ভব। সেই বিশ্বাস থেকেই দেশে ফিরে নতুন করে জীবন গড়ার উদ্যোগ নেন। বিদেশের স্বপ্ন ভেঙে জন্ম নেয় নতুন উদ্যোগ। নিজের এলাকার পরিবেশ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শুরু করেন সমন্বিত হাঁস ও মাছ চাষ। পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁস পালনকে একসঙ্গে যুক্ত করে গড়ে তোলেন তার খামার। ধীরে ধীরে অভিজ্ঞতা, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে এগিয়ে যেতে থাকেন সাফল্যের পথে। তিন বছর আগে ৫০টি হাঁস দিয়ে শুরু করা শফিকুলের খামারে এখন দেড় হাজার হাঁস। সমন্বিত এই কৃষি উদ্যোগ তার জীবনে নিয়ে আসে নতুন আশার আলো। যে মানুষটি একসময় বিদেশে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন, সেই মানুষটিই আজ নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করেছেন। মাসে আয় করছেন ৬০ থেকে ৭০ হাজার টাকা।
শফিকুল ইসলাম শফিকের কাছে এই সাফল্য কেবল অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। তার সবচেয়ে বড় স্বপ্ন চার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সন্তানদের পড়ালেখার খরচ বহন করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
একজন বাবার কাছে সন্তানের মুখে হাসি দেখার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। নিজের কষ্টের বিনিময়ে সন্তানদের জন্য সুন্দর আগামী গড়ে তোলাই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।
শফিকুল ইসলাম শফিকের জীবনসংগ্রাম একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—সফলতার জন্য শুধু বিদেশমুখী হওয়াই একমাত্র পথ নয়। নিজের দেশের মাটি, শ্রম ও সম্ভাবনাকে কাজে লাগিয়েও স্বাবলম্বী হওয়া সম্ভব।

জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)