তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিখোঁজের এক দিন পর ঢাকার উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরখান থানার এসআই অনুপম দাস বলেন, লাশ ভেসে ওঠার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেলে থানা-পুলিশ সেখানে যায়।
বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। তার কাছে পাওয়া ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

জাহিদুর রহমান