তাহসিফ সৌরি হত্যা মামলায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এদিন দুপুর সোয়া ২টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দীপকে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তার সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আজ শনিবার সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
নথি থেকে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ সৌরি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

আদালত প্রতিবেদক