রাতের আঁধারে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ
ফরিদপুরে রাতের আঁধারে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও সূত্রে দেখা যায়, সোমবার (২২ জুন) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই ভিডিওতে তাদের কথামতো এই সময় উল্লেখ করা হয়। যদিও ভিডিওটা কোথায় কখন নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত ৪০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাবার্ষিকী পালন করছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এমন কোন খবর আমাদের কাছে নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর