রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন গ্রেপ্তার
স্বপন ভট্টাচার্যকে রোববার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়
রাজধানীর গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার (২৯ নভেম্বর) রাতে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশান এলাকা থেকে ডিবির একটি দল স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে।
ডিবি প্রধান বলেন, স্বপন ভট্টাচার্য নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত বলে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন আছে কিনা জানতে চাইলে শফিকুল বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)