প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে প্রতিবন্ধী নারীকে (৩২) ধর্ষণের মামলায় ফিরোজ শেখ (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেন। আদালত জেলা কালেক্টরকে জরিমানার টাকা আসামির সম্পত্তি বিক্রি করে প্রতিবন্ধী নারীকে দেওয়ার নির্দেশ দেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডাদেশপ্রাপ্ত ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ওই প্রতিবন্ধী নারী চা ও চিনি কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হলে একই এলাকার আজিদ শেখের ছেলে ফিরোজ শেখ তাকে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তার অটোভ্যানে উঠতে বলেন। পরে তাকে ভবানীপুর মাঠে নির্জন এলাকায় নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণে করেন। এ সময় তার চিৎকারে আসামি ভয় পেয়ে প্রতিবন্ধী নারীকে ফেলে পালিয়ে যান। অপর দিকে পরিবারের লোকজন প্রতিবন্ধী নারীকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। এরপর রাত ১১টার দিকে তাকে ভবানীপুর মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় পাঁচ দিন পর প্রতিবন্ধী নারীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছে।

সঞ্জিব দাস, ফরিদপুর