ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি এবং চিকিৎসকদের অনুপস্থিতিসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক জানায়, সুনির্দিষ্ট গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই বহির্বিভাগের টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন দুদক কর্মকর্তারা। এ ছাড়া হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত এবং নির্ধারিত সময়ের পর উপস্থিত হওয়ার প্রমাণ পাওয়া যায়।
অভিযান শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ সাংবাদিকদের জানান, রোগীদের পথ্য বা খাবার সরবরাহে বড় ধরনের অনিয়মের সত্যতা পাওয়া গেছে। দরপত্র অনুযায়ী রোগীদের জন্য ৯৫ টাকা কেজি দরের চালের ভাত দেওয়ার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের চালের ভাত সরবরাহ করা হচ্ছিল। পাশাপাশি জনপ্রতি ২০০ গ্রাম পাঙাশ মাছের পরিবর্তে রান্না করা মাত্র ৮০ গ্রাম মাছ দেওয়া হচ্ছিল।
সহকারী পরিচালক মো. মোস্তাফিজ আরও জানান, হাসপাতালের স্টোররুমে ওষুধ সামগ্রীও যথাযথ নিয়ম মেনে সংরক্ষণ করা হচ্ছিল না। প্রাপ্ত এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে দুদক কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।

সঞ্জিব দাস, ফরিদপুর