ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিট ও অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১১টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ দেওয়া হবে যেসব পদে
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে রানার পদে। এ পদে ১২৭ জন নেওয়া হবে। এ ছাড়া প্যাকার পদে ৫৮ জন, মেইল ক্যারিয়ার পদে ৪৮ জন, পোস্টম্যান পদে ১৩ জন, অফিস সহায়ক পদে ১২ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন এবং মেইল গার্ড পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য পদের মধ্যে রয়েছে- পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ৭ জন, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ৬ জন, স্ট্যাম্প ভেন্ডার ৩ জন এবং বাবুর্চি/অ্যাটেনডেন্ট ২ জন।
শিক্ষাগত যোগ্যতা
পদভেদে অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পোস্টম্যান, মেইল গার্ড, প্যাকার, মেইল ক্যারিয়ার, রানার, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস হতে হবে।
স্ট্যাম্প ভেন্ডার পদে এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। বাবুর্চি/অ্যাটেনডেন্ট ও পরিচ্ছন্নতাকর্মী পদে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পরিচ্ছন্নতাকর্মী পদের ৮০ শতাংশ পদ হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের মাধ্যমে পূরণ করা হবে।
বেতন ও গ্রেড
নিয়োগপ্রাপ্তদের পদভেদে ১৭ থেকে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে।
১৭তম গ্রেড : ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
১৮তম গ্রেড : ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।
১৯তম গ্রেড : ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা।
২০তম গ্রেড : ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে https://pmgcc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

এনটিভি অনলাইন ডেস্ক