টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের গ্রামের বাড়িতে শোক
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে মাত্র কয়েক দিন আগে বিয়ে হওয়া এই তরুণের নতুন সংসার শুরুর আগেই চলে যাওয়ার ঘটনায় শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের পরিবেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কক্সবাজারের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
নিহত তিতাস শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই লস্করদিয়া গ্রামে তার বাড়িতে স্বজন ও পরিচিতজনেরা ভিড় করছেন। পরিবারের সদস্যরা এখনও এই আকস্মিক মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারেননি। যাকে ঘিরে ছিল নতুন জীবনের স্বপ্ন, তার এমন বিদায়ে বাকরুদ্ধ পুরো পরিবার।
শুক্রবার সকালে নিহত সেনাসদস্যের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, তিতাস অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিল। নতুন সংসার শুরু করার আগেই এভাবে তার চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, আজ বিকেলে তিতাসের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে। প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে যাওয়া হয়েছে এবং মরদেহ আসার পর যথাযথ মর্যাদায় দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর