কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার, ৬৪ মশাল জব্দ
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নাশকতার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদধারী ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
তারা হলেন, ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ৬৫), সাধারণ সম্পাদক আবুল হোসেন, ধানীখোলা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম (৩৮), একই ইউনিয়নের আওয়ামী লীগকর্মী মো. মাসুম (৪১)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শনিবার সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত উল্লেখিত ব্যক্তি ছাড়াও বিভিন্ন পর্যায়ের আরও ২৯ জনকে বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শনিবার সন্ধ্যায় ত্রিশাল থানার ২নং বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় নির্মাণ ব্রিকসের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। তারা জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মশাল মিছিল করার জন্য সমবেত হয়। এ সময় গোপন খবরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বাঁশের তৈরি মশালের ৬৪ লাঠি জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আইয়ুব আলী, ময়মনসিংহ