শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াতসহ ৩ জন কারাগারে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান।
নথি থেকে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য একটি মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা ঘটনাস্থলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হন। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

আদালত প্রতিবেদক