মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস, স্পিকার পদে লড়বেন হাকিম জেফ্রিস
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেয়েছেন হাকিম জেফ্রিস। তিনি প্রথম কোনো কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা, যিনি এই পদের জন্য মনোনয়ন পেলেন। তাই তিনি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নতুন কংগ্রেসের সদস্যরা শপথ নেওয়ার পর বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ভোটাভুটিতে অংশ নেবেন। এটি দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। খবর আল জাজিরার।
বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত গোপন ভোটাভুটিতে নিউইয়র্ক থেকে নির্বাচিত ৫৬ বছর বয়সী এই কংগ্রেস সদস্য নিজের দলের মনোনয়ন নিশ্চিত করেন। এর কয়েক সপ্তাহ আগেই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় ধরনের জয় পেয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।
ভোটগ্রহণ শেষে হাকিম জেফ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলের সহকর্মীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা সবাই মিলে সাহসী পরিবর্তন আনব। আর আমেরিকান জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলব!’
বুধবারের ভোটাভুটিতে কিছু বিরোধিতা সত্ত্বেও হাকিম জেফ্রিস প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক ককাসের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন। তার প্রার্থিতার পক্ষে ২৫১ জন সদস্য ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ১১ জন। জেফ্রিসের বিপক্ষে ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার (নিউইয়র্ক), অ্যাডাম হামাউই (নিউ জার্সি), মেলাত কিরোস (কলোরাডো), ডোনাভান ম্যাককিনি (মিশিগান), ক্রিস র্যাব (পেনসিলভানিয়া) ও ক্লেয়ার ভালদেজ (নিউইয়র্ক)।
এদিকে, অধিকাংশ ডেমোক্র্যাট নেতা স্পিকার হিসেবে হাকিম জেফ্রিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছরে তিনি ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠার পথে এগিয়ে গেলেন।
বিদায়ী কংগ্রেসওম্যান ন্যান্সি পেলোসি প্রথম নারী স্পিকার হিসেবে দুই মেয়াদে মোট আট বছর দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরেন। ওই পোস্টে তার সঙ্গে হাকিম জেফ্রিসের হাত ধরে থাকা একটি ছবিও ছিল। তিনি লেখেন, ‘অভিনন্দন, স্পিকার-মনোনীত হাকিম জেফ্রিস!’
২০২৩ সালে সাবেক মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির উত্তরসূরি হিসেবে ডেমোক্র্যাটরা হাকিম জেফ্রিসকে মনোনীত করেছিল। ম্যাকার্থি তার নিজের দলের রিপাবলিকান সদস্যদের ভোটেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন, যার ফলে মাইক জনসন বর্তমান স্পিকার হিসেবে দায়িত্ব পান। তবে বুধবারের এই ভোটের মাধ্যমে জেফ্রিস আনুষ্ঠানিকভাবে তার দলের সদস্যদের মনোনয়ন পেলেন। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের শপথ গ্রহণের সময় ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং পূর্ণ কক্ষে নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে, তখন জনসনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন হাকিম জেফ্রিস।

এনটিভি অনলাইন ডেস্ক