কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। কুয়েতে ড্রোন হামলার খবর দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সময়ে হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। বিস্ফোরণের শব্দগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাল্টা পদক্ষেপের কারণে হয়েছে। তবে হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
এর আগে বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের আগের হামলার জবাবে দ্বীপটির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানা হয়েছে। তবে ইরানের উপগভর্নর আহমদ নাফিসি জানিয়েছেন, হামলায় কোনো আবাসিক বা বাণিজ্যিক স্থাপনার ক্ষতি হয়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে এবং কোনো মার্কিন সরঞ্জাম বা কর্মীর ক্ষতি হয়নি।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ওমানের খাসাব উপকূলে পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ ট্যাংকারে হামলায় আগুন ধরে যায়। দ্বিতীয় হামলার পর জাহাজটির নাবিকেরা সেটি ছেড়ে যান। ভারতের বন্দরমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। একই দিন ওমানের উপকূলে ‘অন ফিনিক্স’ নামের আরেকটি ট্যাংকারও অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
সংঘাতের মধ্যেই ওমানের রাজধানী মাসকটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জাহাজ চলাচলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেছেন।
এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে ইরান যুদ্ধ আলোচনায় আসার কথা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক