১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন বা পেট্রোলের দামে গত ১৮ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর এই দাম কমার সময় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘১৮ বছরের মধ্যে গ্যাসোলিনের দামে সবচেয়ে বড় পতন। লক্ষ্য করেছেন কি, তারা ‘নির্বাচন’ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল?’
এর আগে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার ঠিক আগে ইরান তেলের দাম বাড়ানোর জন্য ‘তাদের সাধ্যমতো সবকিছু করছে’ বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম কমেছে। গতকাল মঙ্গলবার প্রতি গ্যালন (৩ দশমিক ৮ লিটার) তেলের দাম ৩ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। তবে এটি এক বছর আগের গড় দাম ৩ দশমিক ০৭ ডলারের চেয়ে এখনও বেশি রয়েছে।
আরও পড়ুন : ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরল স্বর্ণের দাম
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবারই প্রথম ট্রাম্প ‘নির্বাচন’ শব্দটি উদ্ধৃতি চিহ্নের (কোটেশন) ভেতরে ব্যবহার করেননি। এর আগে নির্বাচনের কয়েক দিন পরও তিনি প্রশ্ন তুলেছিলেন যে, ‘এই ‘নির্বাচন’ নিরপেক্ষ ছিল’— তা কেউ বিশ্বাস করে কি না।

এনটিভি অনলাইন ডেস্ক