ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় আজ বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে শি বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে মন্তব্য করেন পুতিন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেনজেনে সম্মেলনের ফাঁকে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক হওয়ার কথা। এতে ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে।
তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং প্রভাববলয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। তবে ইউরোপ ও এশিয়ার ছোট দেশগুলোর নেতারা আশঙ্কা করছেন, বিশ্বের বৃহৎ সামরিক শক্তিগুলো নিজেদের স্বার্থে তাদের মতামত উপেক্ষা করতে পারে।
এপেক সম্মেলনে শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের’ পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও কঠোর পররাষ্ট্রনীতির বিপরীতে চীনকে স্থিতিশীল বৈশ্বিক অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা দেখা যায়।
শি জিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখতে হবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র চীনের উন্নত এআই চিপ ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করে। এতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের নাজুক বাণিজ্য সমঝোতা আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, উৎপাদন খাতকে অতিরিক্ত সুবিধা দিয়ে চীন প্রতিবছর ১ লাখ কোটি ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করছে। এতে তাদের নিজস্ব শিল্প ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বেইজিংয়ের দাবি, বিশ্বের উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমাতে তাদের বর্তমান অর্থনৈতিক নীতি প্রয়োজনীয়।
শি বলেন, চীন শিল্প খাতে বিনিয়োগ এবং নতুন প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে। পাশাপাশি শুল্ক কমিয়ে বাজার আরও উন্মুক্ত করবে এবং একতরফাবাদ ও বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে অবস্থান নেবে।
বিশ্লেষক জর্জ চেনের মতে, শি’র এই বক্তব্য উন্নয়নশীল দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। একই সঙ্গে ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে বেইজিংয়ের অবস্থান তুলে ধরতে সহায়তা করবে।
শি’র পর বক্তব্য দেন পুতিন। ইউক্রেনের সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা উল্টো রাশিয়াকে আরও শক্তিশালী করেছে।
পুতিন ইউরোপকে ‘অপমানজনক পতনের’ পথে রয়েছে বলে মন্তব্য করেন। তার ভাষায়, অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের প্রচলিত কৌশলগুলোর কার্যকারিতা কমে গেছে।
পুতিন বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ কিছুটা বাধা তৈরি করতে পারে, কিন্তু এগুলো কোনো দেশের প্রবৃদ্ধি থামাতে বা প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে ধ্বংস করতে সক্ষম নয়।
পরে দ্বিপক্ষীয় বৈঠকে সি ও পুতিন দুই দেশের সম্পর্ককে আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীল ও ইতিবাচক বলে উল্লেখ করেন। বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও করেন তারা।
এদিকে ম্যানিলায় ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনার মধ্যেই তিনি এ ঘোষণা দেন। চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।
ইয়াল্টা সম্মেলনের সঙ্গে বর্তমান বৈঠকের তুলনাকে ‘রাজনৈতিক বিশ্লেষকদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। তবে বৈঠকটি বিশ্ব পরিস্থিতিতে বড় প্রভাব ফেলবে বলে স্বীকার করেছে তারা। বেইজিংয়ের ভাষ্য, এই ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

এনটিভি অনলাইন ডেস্ক