‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইরানের ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থযুক্ত সাধারণ বোমা) হামলার পরিকল্পনা করছে- এমন একটি গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন এক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এটিকে ইরাক যুদ্ধের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর আল জাজিরার।
এর আগে সিএনএন-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে এ ধরনের হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে তেহরান।
তবে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ওই সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এ খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, ইসরায়েলের মোসাদ প্রধানের ওয়াশিংটন সফরের ঠিক পরপরই এই সংবাদ প্রকাশের টাইমিংটা বেশ সন্দেহজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান হয়তো এমন কিছু চিন্তা করতে পারে- তবে সেটি বাস্তবায়ন করা থেকে তারা এখনো অনেক দূরে রয়েছে। তারা এও ভালো করে জানে যে, এর জবাবে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্ব থেকে কতটা ধ্বংসাত্মক প্রতিশোধমূলক আক্রমণ আসবে। গোয়েন্দা প্রতিবেদনের এই ধরনকে ২০ বছর আগে ইরাক আক্রমণের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, মানুষ এ ধরনের প্রতিবেদনের বিষয়ে ঠিকই সন্দিহান।
এদিকে, ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
অন্যদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য বর্তমানে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) মানিলা সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি এমন কিছু ঘটে... তবে তারা এমন এক মূল্য পরিশোধ করবে, যা এর আগে কোনো দেশ কখনো পরিশোধ করেনি। আমি আশা করি তেমন কিছু হবে না, তবে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি, কারণ তারা পাগল। আর এ কারণেই তাদের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

এনটিভি অনলাইন ডেস্ক