ট্রাম্পের প্রতি ভোটারদের অনাস্থা, কংগ্রেসের একক নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের স্পষ্ট অনাস্থার মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসের উভয় কক্ষে (উচ্চকক্ষ সেনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ) একক নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।
সিএনএনের তথ্য অনুযায়ী, ১০০ সদস্যবিশিষ্ট মার্কিন সেনেটে ডেমোক্র্যাটরা ৫৩টি আসন নিশ্চিত করে নিজেদের একক নিয়ন্ত্রণ বা আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিপরীতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ঝুলিতে রয়েছে ৪১টি আসন। এবারের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিপক্ষের হাত থেকে সফলভাবে ৭টি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। এছাড়া এই ফলাফলের মধ্যে লড়াইয়ের বাইরে থাকা ৩৪টি ডেমোক্র্যাট ও ৩১টি রিপাবলিকান অপরিবর্তিত আসনও অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ডেমোক্র্যাটরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২২৪টি আসনে জয় নিশ্চিত করেছে এবং ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো হাউস। এই লড়াইয়ে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের হাত থেকে মোট ২৫টি আসন ফ্লিপ করেছে। বিপরীতে রিপাবলিকান পার্টি পেয়েছে ১২৮টি আসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিতর্কিত নীতি ও বৈদেশিক সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই মধ্যবর্তী নির্বাচনে তারই বড় প্রতিফলন ঘটেছে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের এই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে ট্রাম্পের বাকি মেয়াদে নীতি প্রণয়ন, বাজেট অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের পথ অত্যন্ত দুরূহ ও চ্যালেঞ্জিং হয়ে পড়বে।

এনটিভি অনলাইন ডেস্ক