ব্যালটে আমি থাকলে ঠিকই জিততাম, বললেন ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিশাল বিপর্যয় ও কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পরও কোনো ধরনের ব্যক্তিগত দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো তিনি দাবি করেছেন, এই নির্বাচনে তিনি নিজে প্রার্থী হিসেবে ব্যালটে থাকলে রিপাবলিকানরা বিপুল ভোটে জয়লাভ করত।
মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। খবর এএফপির।
নির্বাচনি প্রচারণাকালে ভোটারদের উদ্দেশে বারবার ‘আমিই ব্যালটে আছি মনে করে ভোট দিন’ বলে আহ্বান জানালেও, ভোটের ফলাফল বিপক্ষে যাওয়ার পর সম্পূর্ণ বিপরীত সুর ফুটে ওঠে ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্টের কণ্ঠে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আমি ব্যালটে ছিলাম না। আর যদি আমি থাকতাম, তবে আমরা ভূমিধস বিজয় অর্জন করতাম! বিষয়টি বিবেচনা করার জন্য আপনাদের ধন্যবাদ।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটদের জয়ের জন্য বিরল ধন্যবাদ ও প্রশংসা জানালেও হারের মূল কারণ হিসেবে ইরান যুদ্ধ এবং নিজ দলের কিছু প্রার্থীর ব্যর্থতাকে দায়ী করেন। টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে হেরে যাওয়া রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের নাম উল্লেখ করে ট্রাম্প তাকে ‘রিনো’ (নামমাত্র রিপাবলিকান) বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, দলীয় ভুলের কারণেই এমন ফলাফল হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রেসিডেন্ট নিজেই প্রচারণায় প্রার্থীদের চেয়ে ভালো ভূমিকা রেখেছিলেন। কিন্তু প্রার্থীরা সেই সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের মুখোমুখি দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তার বিরুদ্ধে আসা যেকোনো বিল আটকে দিতে ‘ভেটো’ ক্ষমতা ব্যবহার করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক