কানসাসে ৯৪ বছরের রেকর্ড ভেঙে ডেমোক্র্যাটদের জয়
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত কানসাস অঙ্গরাজ্যে প্রায় এক শতাব্দী প্রাচীন রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয় অর্জন করেছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। ১৯৩২ সালের পর এই প্রথম কানসাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী মার্কিন সেনেটে জয়লাভ করলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পূর্বাভাস ও নির্বাচনি ফলাফল অনুযায়ী, দীর্ঘ ৯৪ বছর পর কানসাসের ভোটাররা এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পক্ষে রায় দিলেন। ১৯৩২ সালে বিশ্বব্যাপী দেখা দেওয়া ‘গ্রেট ডিপ্রেশন’ বা চরম অর্থনৈতিক মহামন্দার সময়ে কানসাসে সর্বশেষ ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছিলেন। সেটি ছিল সেই একই বছর, যে বছর ডেমোক্র্যাট নেতা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, প্রায় ১০০ বছর ধরে কানসাসে রিপাবলিকানদের টানা আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে অর্থনৈতিক অসন্তোষ, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং বর্তমান প্রশাসনের প্রতি ভোটারদের অনাস্থা এই অভাবনীয় পরিবর্তনের মূল কারণ।
কানসাসের এই ঐতিহাসিক জয়ের পাশাপাশি টেক্সাস ও সাউথ ক্যারোলাইনার মতো অন্যান্য দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোতেও ডেমোক্র্যাটরা বড় ধরনের জয় তুলে নিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক