প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। জর্জিয়ার গভর্নর নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের রিক জ্যাকসনকে পরাজিত করেছেন। খবর আল জাজিরার।
আটলান্টার সাবেক মেয়র বটমসের প্রতিদ্বন্দ্বী জ্যাকসন নিজের সম্পদ থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি নির্বাচনি প্রচারে ব্যয় করেছিলেন। তার লক্ষ্য ছিল জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়া।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বটমস। নির্বাচনে তার জয়ের পেছনে রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের বড় ভূমিকা ছিল। আগাম ভোটে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
প্রচারের সময় রিপাবলিকানরা আটলান্টার মেয়র হিসেবে বটমসের দায়িত্ব পালনকালকে অপরাধপ্রবণতা ও অবনতির সময় হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।
অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বটমস বলেন, আটলান্টাকে নেতিবাচকভাবে তুলে ধরা দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ায় গভর্নর পদে একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিল ডেমোক্র্যাট পার্টি। এর আগে স্টেসি অ্যাব্রামস ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।
আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদসীমার কারণে আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প।

এনটিভি অনলাইন ডেস্ক