এবার নেহা বোরাও আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। এ সময় সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দিপাঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ এবং স্বনামধন্য রাজনৈতিক বিশ্লেষক ও আন্দোলনকারী যোগেন্দ্র যাদবকে আটক করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির আইএনএ মার্কেটের কাছ থেকে আন্দোলনস্থলে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে গাড়িতে তোলে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়ি আটকে দেয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে তারা জোরবাগ এলাকা থেকে দিল্লির আইএনএ মার্কেট হয়ে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। তবে রাজধানীতে জারি করা চরম কড়াকড়ি ও কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই তাদের গতিরোধ করে আটক করা হয়।
এর আগে সকালে উড়োজাহাজের ভেতর থেকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। একই সঙ্গে গুরুগাঁওয়ের বাসভবন থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।
শীর্ষ সব নেতাদের একে একে আটকের পর আন্দোলনের হাল ধরেছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় প্রধান ও বিশিষ্ট ছাত্রনেত্রী নেহা বোরা।

এনটিভি অনলাইন ডেস্ক