পরিবারে মেলেনি ঠাঁই, বৃদ্ধাশ্রমে বিয়ে ষাটোর্ধ্ব দুই প্রবীণের
পরিবার ও স্বজনদের দ্বারা বিতারিত হয়ে একাকিত্বের জীবন কাটানো ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ এবং ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা ভারতের হিমাচল প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নবদম্পতির নাম কানহাইয়া লাল ও সাবিনা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দু রীতি অনুযায়ী এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের আয়োজনে মালাবদল ও অগ্নিসাক্ষী করে সাত পাকে ঘোরাসহ প্রথাগত নানা আচার পালন করা হয়। বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দা, কর্মী ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানাও বরযাত্রী হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে উপহার দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় হলুদ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। যেখানে কানহাইয়া লাল ও সাবিনা হলুদ পোশাক পরে স্থানীয় হিমাচলি গানে মেতে ওঠেন।
অনুষ্ঠানে ডেপুটি কমিশনার কিরণ ভাদানা বলেন, এই বিয়ে সমাজে এক ইতিবাচক বার্তা দিয়েছে। বয়স নির্বিশেষে প্রত্যেকের পরিপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বয়স বাড়লেই জীবন উপভোগ করা বা সঙ্গী খুঁজে নেওয়া থেমে যায় না।
‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বনসাল জানান, মান্ডি জেলার জানজেহলি এলাকার থুনাগ গ্রামের বাসিন্দা কানহাইয়া লালকে ২০২২ সালে একটি গুহা থেকে উদ্ধার করে তাদের দল। স্ত্রী মারা যাওয়ার পর তিনি নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পরিবার থেকে বিতাড়িত হয়ে তাকে গুহায় বসবাস করতে হয়। অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনা বাড়ি থেকে বেরিয়ে হিমাচল প্রদেশে পৌঁছে যান। তাকে প্রথমে শিমলায় এবং পরে ২০২৫ সালে বিলাসপুরের বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। একই আশ্রমে বসবাসের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তারা।
প্রকাশ চাঁদ বনসাল বলেন, পরিবার থেকে পরিত্যক্ত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন করে জীবন গড়তে সহায়তা করা সমাজের দায়িত্ব। বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে গিয়ে সংসার জীবন শুরু করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক