মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচার করে আনা ৭২ হাজার কেজি (৭২ টন) সুপারিসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জব্দ করা সুপারি, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী