বিয়েতে গাড়ি পাওয়ার আশায় এসে বর পেলেন খেলনা গাড়ি
ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি বিয়ের সম্পর্ক এমন এক অপ্রত্যাশিত মোড় নিল, যা আগে কেউ কল্পনাও করেনি। অভিযোগ রয়েছে, বরের পরিবার যৌতুক হিসেবে একটি দামি এসইউভি গাড়ি দাবি করেছিল। তবে এ দাবি মেনে নেওয়ার পরিবর্তে কনের বাবা একটি খেলনা গাড়ি জোগাড় করেন এবং তা বরের বাবার হাতে তুলে দেন। এরপর তিনি ঘোষণা করেন, বাগদান বাতিল করা হলো এবং এ বিয়ে হবে না।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সবার নজর কেড়েছে। খবর দ্য সানডে গার্ডিয়ানের।
ভিডিওটিতে দেখা যায়, কনের বাবা খেলনা গাড়িটি বরের বাবার হাতে তুলে দিচ্ছেন এবং কেন তিনি এই বিয়ের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা ব্যাখ্যা করছেন।
জানা গেছে, ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের জ্ঞানপুর ও সলনা গ্রামের দুটি পরিবারের মধ্যে ঘটেছে।
বরের পরিবারের বিরুদ্ধে এসইউভি গাড়ি দাবির অভিযোগ
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে এই দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। বরের বাবার নাম শামশের, তিনি জ্ঞানপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে, কনের পরিবার সলনা গ্রামে বসবাস করেন।
বাগদান অনুষ্ঠানটি কোনো বড় ধরনের মতবিরোধ ছাড়াই সম্পন্ন হয়েছিল। কনের পরিবারের দাবি, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে তারা আগেই প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী এবং এক লাখ রুপি প্রদান করেছিল। তবে পরিস্থিতি বদলে যায় যখন কনের বাবা বাবর প্রায় এক মাস আগে তাঁ জমির একটি অংশ বিক্রি করেন। অভিযোগ উঠেছে, জমি বিক্রির খবর পাওয়ার পর বরের পরিবার বিয়ের আগেই একটি দামি এসইউভি গাড়ি দাবি করে বসে।
বাবর তাদের বোঝানোর চেষ্টা করেন, এত ব্যয়বহুল দাবি পূরণ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু বরের পরিবার নিজেদের দাবিতে অনড় থাকে, যার ফলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বরের পরিবারকে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করালেন কনের বাবা
বরের পরিবারের সদস্যরা বিয়ে-পূর্ববর্তী একটি অনুষ্ঠানে অংশ নিতে কনের বাড়িতে এসেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, বরের বাড়ির লোকজন সকালের দিকেই সেখানে পৌঁছান। তারা আশা করছিলেন, কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যাবেন। তবে কনের বাবা ভিন্ন এক ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি বরের পরিবারকে রাত ১০টা পর্যন্ত নিজের বাড়িতে অপেক্ষায় রাখেন। এরপর তিনি এসইউভি গাড়ির আদলে তৈরি একটি খেলনা গাড়ি বের করে বরের বাবা শামশের হাতে তুলে দেন।
কনের বাবা এ সময় বাগদান ভেঙে দেওয়ার এবং বিয়ে বাতিল করার ঘোষণা দেন। যৌতুক দাবির অভিযোগ ওঠার পর কনের পরিবার বিয়েটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
‘আপনাদের মানুষ নয়, গাড়ি প্রয়োজন ছিল’, বললেন কনের বাবা
ঘটনাটির প্রায় ৯০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কনের বাবা চেয়ারে বসে থাকা এক ব্যক্তির হাতে একটি প্যাকেট তুলে দিচ্ছেন, যার ভেতরে ছিল হলুদ রঙের একটি খেলনা গাড়ি।
খেলনা গাড়িটি দেওয়ার সময় কনের বাবাকে বলতে শোনা যায়, ‘এটি নিন, হাতে রাখুন। আপনাদের তো মানুষ প্রয়োজন ছিল না, আপনাদের প্রয়োজন ছিল একটি গাড়ি।’
কনের বাবা বাবর আরও বলেন, ‘আমরা আপনাদের একটি গাড়ি দিয়েছি। এখন এটিই চালান। আপনারা নিজেদের বাড়িতে আনন্দ করুন, আর আমরা আমাদের বাড়িতে সুখে থাকব।’
ভিডিওতে কনের বাবা আরও দাবি করেন, শামশ তাদের পরিবারের কাছে যৌতুক হিসেবে একটি গাড়ি চেয়েছিলেন। এরপরই তিনি বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণা দেন।
খেলনা গাড়ি নিয়ে এ ঘটনার ভিডিওটি যৌতুক প্রথা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এই ভিডিওটি যৌতুক দাবি এবং বিয়ের আলোচনার সময় পরিবারগুলোর ওপর যে চাপ সৃষ্টি হয়, সেই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। আসল গাড়ির পরিবর্তে খেলনা এসইউভি গাড়ি তুলে দেওয়ার বিষয়টি ভিডিওটির সবচেয়ে আলোচিত অংশে পরিণত হয়েছে।
কোনো এক পক্ষ অতিরিক্ত বা ব্যয়বহুল দাবি করলে বিয়ের আয়োজন চালিয়ে যাওয়া উচিত কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে বরের পরিবার এসইউভি গাড়ি যৌতুক হিসেবে চেয়েছিল—এই অভিযোগটি এসেছে কনের পক্ষের কাছ থেকে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বরের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক