গুপ্তচরবৃত্তির সন্দেহে তিন কূটনীতিকসহ চার ইরানিকে বহিষ্কার বসনিয়ার
গুপ্তচরবৃত্তির সন্দেহে চার ইরানি নাগরিককে বহিষ্কার করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। বহিষ্কৃতদের মধ্যে তিনজন দেশটির রাজধানী সারায়েভোতে অবস্থিত ইরানি দূতাবাসে কূটনৈতিক মর্যাদায় কর্মরত ছিলেন। চতুর্থ ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আজ রোববার (২৯ নভেম্বর) ক্রোয়েশীয় সংবাদ সংস্থা ‘হিনার’ বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধানী নিউজ পোর্টাল ‘ইস্ত্রাগা ডট বিএ’-এর প্রতিবেদনের বরাতে হিনা জানায়, বসনিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার (ওএসএ) সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী ওই চার ইরানিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কারের আদেশে সই করেন। এরপর গত বুধবার (২৫ নভেম্বর) ওই চার ইরানি নাগরিক বসনিয়া ত্যাগ করেন।
অপর একটি নিউজ পোর্টাল ‘র্যাপোর্টকে’ পররাষ্ট্রমন্ত্রী কোনাকোভিচ বলেন, এটি একটি নিরাপত্তাসংক্রান্ত বিষয়। আমাদের কাজ ছিল অনুরোধটি প্রক্রিয়া করে কার্যকর করা। এটি নিরাপত্তা সংস্থাগুলোর বিষয়, তারা চাইলে এ নিয়ে মন্তব্য করতে পারে।
হিনার প্রতিবেদনে বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে সারায়েভোর ইরানি দূতাবাসের কাউন্সেলর হোসেইন মাহদিয়ান ফার্দ এবং দুই অ্যাটাশে মর্তেজা ফাজালি ও এহসান সাজ্জাদি মোনাজ্জাহ রয়েছেন। চতুর্থ ব্যক্তি সৈয়দ ইয়াসের মোহাম্মদের বিস্তারিত পরিচয় এখন পাওয়া যায়নি।
বসনিয়ার নিরাপত্তা সংস্থাগুলো হোসেইন মাহদিয়ান ফার্দকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমওআইএস) একজন কর্মকর্তা হিসেবে শনাক্ত করেছে। ধারণা করা হয়, ইরানের এই গোয়েন্দা সংস্থায় প্রায় ৩০ হাজার কর্মী রয়েছেন এবং এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। মানবাধিকার লঙ্ঘন, অবৈধ গোয়েন্দা তৎপরতা এবং বিদেশে গোপন অভিযান চালানোর অভিযোগে সংস্থাটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে বসনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফার্দকে ইরানি দূতাবাসের কাউন্সেলর হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে তিনি সেখানে কর্মরত ছিলেন। সারায়েভোতে নিয়োগ পাওয়ার আগে তিনি জার্মানিতে ১০ বছর কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বসনিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, বহিষ্কৃত বাকি তিন ইরানি নাগরিক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক