ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগী নাটালি হার্পকে ঘনিষ্ঠ অবস্থায় দেখানো একটি ভাইরাল ছবি নিয়ে অবশেষে মন্তব্য করেছে হোয়াইট হাউস। ছবিটিকে ভুয়া বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির দুটি সংস্করণ ছড়িয়ে পড়ে। এতে ৮০ বছর বয়সী ট্রাম্পকে এক স্বর্ণকেশী নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ওই নারীকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্প বলে দাবি করা হয়।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ডেইলি বিস্টকে বলেন, এটি স্পষ্টতই একটি ভুয়া ছবি। খবর ডেইলি বিস্টের ।
ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট স্নোপসের বিশ্লেষণেও ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কিছু প্রমাণ পাওয়া গেছে। ছবির পরিষ্কার সংস্করণে ওই নারীর ডান হাতে ছয়টি আঙুল দেখা যায়। ছবিটিতে ‘ওপের এআই টুল ব্যবহার করে তৈরি’ লেখা একটি ওয়াটারমার্কও ছিল।
ছবিটির আরেকটি ঝাপসা সংস্করণে ওই ওয়াটারমার্ক ছিল না। কম রেজ্যুলেশনের কারণে এতে এআই-নির্মিত ছবির সাধারণ ত্রুটিগুলোও স্পষ্ট ছিল না। তবে স্নোপস জানিয়েছে, সেটিও ভুয়া।
ডেইলি বিস্ট জানিয়েছে, বিভিন্ন সংবাদ সংস্থার ছবির আর্কাইভ পর্যালোচনা করেও ট্রাম্প ও নাটালিকে একই সময়ে সাদা পোশাকে গলফ কোর্সে থাকার কোনো ছবি পাওয়া যায়নি।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি প্রথমে রাজনৈতিক ভাষ্যকার কিথ এডওয়ার্ডসের একটি ইউটিউব ভিডিওর থাম্বনেইল হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে ছবিটি তৈরির সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।
স্নোপসকে এডওয়ার্ডস বলেন, তার থাম্বনেইল টিম অনলাইনে ছবিটি খুঁজে পেয়েছিল। তারা ছবিটির মূল অংশ তৈরি বা পরিবর্তন করেনি। তবে ছবিটির উৎস বা সেখানে থাকা নারী নাটালি হার্প কি না, সেটিও তারা স্বাধীনভাবে যাচাই করেনি।
২০১৯ সালে ফক্স নিউজে উপস্থিত হয়ে ট্রাম্পের নজরে আসেন নাটালি। তখন তিনি জানান, ট্রাম্প স্বাক্ষরিত কিছু আইন তার হাড়ের ক্যানসার থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। পরের বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দেন তিনি এবং পরে ট্রাম্পের প্রচারণায় যুক্ত হন।
সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্পের সঙ্গে নাটালির ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর বিষয়টি আরও আলোচনায় আসে। এক সমাবেশে অসফ অভিযোগ করেন, ট্রাম্প কাজের চেয়ে নাটালি হার্পের সঙ্গে ভ্রমণ এবং হোয়াইট হাউসে বলরুম নির্মাণে বেশি আগ্রহী।
এর জবাবে ট্রাম্প জর্জিয়ার ওই সিনেটরের সমালোচনা করেন। ওভাল অফিসে এক বৈঠকে অসফের প্রসঙ্গ তুলে ট্রাম্প তাকে ‘পি-উই হারম্যানের মতো দেখতে’ বলে মন্তব্য করেন।
২০২২ সালে ডানপন্থি সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ থেকে উপস্থাপক ও অ্যাঙ্করের পদ ছাড়ার পর ট্রাম্পের সঙ্গে কাজ শুরু করেন নাটালি হার্প।
ট্রাম্পকে প্রায় সবসময় অনুসরণ করা এবং তার বিভিন্ন অনুরোধ পূরণ করার কারণে নাটালিকে ‘হিউম্যান প্রিন্টার’ নামে ডাকা হয়। ট্রাম্পের জন্য পণ্য আনা, গুগলে তথ্য খোঁজা, ডানপন্থি ওয়েবসাইটের খবর প্রিন্ট করা এবং ট্রুথ সোশ্যালে প্রকাশের জন্য সম্ভাব্য পোস্টের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন কাজ করেন তিনি।
নাটালির বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার, যা সরকারি অর্থ থেকে দেওয়া হয় বলে ডেইলি বিস্ট জানিয়েছে।
গত মাসে ডেইলি বিস্ট নাটালি হার্পের লেখা দুটি চিঠি প্রকাশ করে। চিঠিগুলোতে ট্রাম্পের প্রতি তার গভীর প্রশংসা ও আনুগত্যের কথা উঠে আসে। সেখানে তিনি ট্রাম্পকে তার ‘অভিভাবক ও রক্ষাকর্তা’ হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে নাটালি হার্প তার বাবাকে হারানোর কষ্ট এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন। একই সঙ্গে ট্রাম্পকে হতাশ করতে চান না বলেও লেখেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক