সৌদি সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতিদের হামলার দাবি
সৌদি আরবের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে সোমবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে সৌদি আরবের পরিচালিত বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। খবর বার্তা সংস্থা এএফপির।
এ প্রসঙ্গে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটিতে অবস্থিত যুদ্ধবিমানের হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদের ডিপো এবং অন্যান্য লক্ষ্যবস্তুসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে সৌদিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।’
সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সোমবার পার্শ্ববর্তী শহর খামিস মুশাইত এবং আবহা-তে সতর্কতা জারি করেছে। আগের রাতেও তারা এই এলাকা এবং ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে সতর্কতা জারি করেছিল।
খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপি-কে জানান, তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন যা থেকে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলছিল। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা সারারাত মোটেও ঘুমাতে পারিনি।’
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে অভিযোগ করে বলেন, সৌদি আরব গত পাঁচ দিনে খামিস মুশাইত ও তায়েফ বিমান ঘাঁটি থেকে ইয়েমেন জুড়ে ৩০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।
গত জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুতিরা সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে লিপ্ত রয়েছে। ওই সময় হুতি গোষ্ঠীটি সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করতে শুরু করে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলে গত মঙ্গলবারের হামলায় বেশকিছু মানুষ আহত হওয়ার পর, রোববার হুতিরা জানায় যে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দক্ষিণ সৌদি আরবের শারুরাহ ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে।
গত এক সপ্তাহব্যাপী হুতিদের ব্যাপক আক্রমণের পর এই সাম্প্রতিক সংঘর্ষগুলো ঘটল। ওই অভিযানের মাধ্যমে হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং বাব আল-মানদেব প্রণালির ওপর তাদের অবস্থান সুদৃঢ় করে।
মার্কিন-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এখনো বন্ধ থাকায় সৌদি তেল রপ্তানির জন্য বাব আল-মানদেব জলপথটি একটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক