সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
সৌদি আরব ও ইরানের উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের রেশ কাটতে না কাটতেই দেশটির বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ছয়টি হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী। রাজধানী রিয়াদসহ সৌদির পূর্ব ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তাদের বাহিনী সৌদির মূল ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত পয়েন্টে মোট ছয়টি হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে— রাস তানুরা তেল শোধনাগার ও আবকাইকের আরামকো স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, রাবিগ তেল শোধনাগার এবং নাজরান অঞ্চলের একটি সৌদি সামরিক সদর দপ্তর।
এর আগে তেহরানে সৌদি আরব ও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করতে এবং সংঘাত এড়াতে পারস্পরিক সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছিল। তবে সেই রাজনৈতিক সমঝোতার আশ্বাসের মধ্যেই হুথিদের এই নতুন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে। তবে ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বা আঘাতের ফলে রিয়াদে এক সৌদি নাগরিক আহত হয়েছেন এবং একটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থায় রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক