ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সংঘাতের জেরে ইরানজুড়ে টানা ১১তম রাতের মতো বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রণালিটিতে বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরানের সামরিক অপারেশন সেন্টার, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন মজুদ কেন্দ্র ও সামরিক লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনটকম। খবর আলজাজিরার।
মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলসীমায় ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। তবে যুদ্ধাবস্থা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়নি উল্লেখ করে সেন্টকম জানায়, মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের নিরাপদ ট্রানজিট নিশ্চিত করেছে।
বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আক্রমণকারীকে শাস্তি দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার ও কোনারক এলাকায় এবং পশ্চিম-মধ্যাঞ্চলের হামাদান প্রদেশের কাবুদারাহাং কাউন্টিতে মার্কিন বিমান আঘাত হেনেছে। তবে হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক