মার্কিন হামলা হলে লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলল ইরান
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে তেহরান। রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র।
সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে হুথি নেতৃত্বকে জানানো হয়েছে। তবে এই নির্দেশনা কীভাবে দেওয়া হয়েছে বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির আগে নাকি পরে পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। খবর রয়টার্সের।
এদিকে হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে তারা বাণিজ্যিক জাহাজে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শুধু হামলার নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।
সূত্রটি আরও জানায়, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর কর্মকর্তারাই কখন প্রণালিটি কার্যত বন্ধ করা হবে, সে সিদ্ধান্ত নেবেন।
বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেবেও জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান তেল রপ্তানি পথ একই সঙ্গে সংকটে পড়বে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।
এরই মধ্যে হুথিরা অভিযোগ করেছে, সৌদি আরব তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর জবাবে তারা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা চার বছর ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক টরবিয়র্ন সলভেড্ট বলেন, যদি সংঘাত লোহিত সাগরের বন্দর ও জ্বালানি অবকাঠামোয় ছড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির বিকল্প প্রধান রুটও হুমকির মুখে পড়বে।
রিয়াদের ঘনিষ্ঠ দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, সৌদি আরব ইরান ও হুথিদের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং লোহিত সাগর ইস্যুতে হুথিদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এরপর সৌদি আরব তাদের তেলের বড় অংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে রপ্তানি শুরু করে। ফলে এখন বাব আল-মান্দেব প্রণালিতে নতুন করে অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক