ট্রাম্প ও তার পরিবারকে ট্যাক্স অডিট থেকে দায়মুক্তি দিল বিচার বিভাগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে চলমান এবং সম্ভাব্য সব ধরনের কর নিরীক্ষা (ট্যাক্স অডিট) থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
এর একদিন আগে ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের একটি মামলা নিষ্পত্তিতে সম্মত হয়। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ট্রাম্পের কর-সংক্রান্ত তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় ওই মামলা করা হয়েছিল। খবর আল জাজিরার।
অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ স্বাক্ষরিত এক পৃষ্ঠার নির্দেশনায় বলা হয়, ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসার বিরুদ্ধে বর্তমানে চলমান বা ভবিষ্যতে সম্ভাব্য কোনো কর তদন্ত বা মামলা ‘চিরতরে নিষিদ্ধ ও অগ্রহণযোগ্য’ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ট্রাম্পের অতীতের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যেকোনো তদন্তও এই দায়মুক্তির আওতায় পড়বে।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তীব্র সমালোচনা করেছেন। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘দুর্নীতি’ ও ‘স্বার্থসংশ্লিষ্ট সুবিধা নেওয়ার’ অভিযোগ তোলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হোয়াইট হাউস নীতিশাস্ত্রবিষয়ক সাবেক আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন, প্রেসিডেন্টকে কর দায় থেকে অব্যাহতি দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি হতে পারে।
পেইন্টার আরও বলেন, যদি প্রেসিডেন্ট বা তার পরিবার আইআরএসের কাছে কর বকেয়া থাকে, তাহলে এটি সংবিধানের ডোমেস্টিক এমোলুমেন্টস ক্লজ লঙ্ঘনের শামিল।
এদিকে, ট্রাম্পের সঙ্গে হওয়া সমঝোতার অংশ হিসেবে একটি ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
সমালোচকদের দাবি, এই তহবিল বাস্তবে ট্রাম্পের ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার একটি ‘গোপন রাজনৈতিক তহবিল’ হিসেবে ব্যবহৃত হতে পারে।
১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল পরিচালনায় পাঁচ সদস্যের একটি কমিশন থাকবে, যার মধ্যে চারজনকে সরাসরি নিয়োগ দেবেন টড ব্ল্যাঞ্চ। উল্লেখ্য, ব্ল্যাঞ্চ আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও কাজ করেছেন।
মঙ্গলবার ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ব্ল্যাঞ্চ দাবি করেন, ট্রাম্প তাকে এই তহবিল গঠনের নির্দেশ দেননি এবং এটি কোনো দলীয় স্বার্থে ব্যবহার হবে না।
তার ভাষায়, যে কেউ যদি মনে করেন তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবস্থার শিকার হয়েছেন, তাহলে তিনি এই তহবিলের জন্য আবেদন করতে পারবেন।

এনটিভি অনলাইন ডেস্ক