হামলার হুমকির মুখে সর্বোচ্চ সতর্কতায় ইরান, বিক্ষোভ দমনে আরও কঠোর
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা এবং চলমান যুদ্ধের আবহেই অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে ইরান সরকার। বাহ্যিক ও ভেতরের শত্রুদের একযোগে সামাল দিতে এখন সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে দেশটি। একই দিকে চরম মার্কিন চাপ, অন্যদিকে দেশের ভেতরে জেন-জি তরুণদের সাংস্কৃতিক বিরোধিতা এবং সরকারবিরোধী ক্ষোভ—সব মিলিয়ে তেহরান এখন ‘ইসলামিক রিপাবলিক’-এর মূলনীতি রক্ষায় অভ্যন্তরীণ দমন-পীড়ন আরও জোরদার করেছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশটির কর্তৃপক্ষ মনে করছে—কিছু বিষয় তাদের নিয়ন্ত্রণকে হুমকির মুখে ফেলতে পারে। এই পরিস্থিতিতে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে।
ইরানি কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এ ছাড়া গত কয়েক মাস ধরে পোশাক-আশাকের বিষয়ে যে শিথিলতা ছিল, তা কমিয়ে জনসমাগমস্থলে এ ব্যাপারে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে।
সংক্ষেপে বলতে গেলে, আট মাস ধরে চলা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বড় ও তীব্র হামলার হুমকির মুখে, ইরানি কর্তৃপক্ষ এমন একটি বার্তা দিতে চাইছে—তারা ‘ইসলামিক রিপাবলিক’-এর মূল নীতিগুলোর সঙ্গে কোনো আপস করবে না।
কাতার বিশ্ববিদ্যালয়ের ‘গালফ স্টাডিজ সেন্টার’-এর পরিচালক মাহজুব জুইরি বলেন, চলমান সংঘাতের মধ্যেও কর্তৃপক্ষ তেহরানে সরকারের টিকে থাকার পক্ষে সমর্থন জোগাতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এর মধ্যে কেবল আইআরজিসির (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর) সদস্যরাই নয়, বরং কিছু সাধারণ নাগরিকও রয়েছেন। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষার উদ্দেশ্যে আইআরজিসি গঠিত হয়েছিল।
ভিন্নমতের জন্য কঠোর শাস্তি
ইরানি কর্তৃপক্ষ যেকোনো ধরনের ভিন্নমত দমনের জন্য নিয়মিত কঠোর শাস্তির পথ বেছে নেয়। গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানি নেতারা লক্ষ্যবস্তু হওয়ার পর থেকে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ইরানের বিচার বিভাগ জানায়, জানুয়ারিতে দেশজুড়ে চলা বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া তিন তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তেহরানের কাছে একটি এলাকায় সরকারি দপ্তরে হামলা চালিয়েছিল এবং সরকারি সম্পদের ক্ষতি করেছিল।
ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জড়িত ‘সন্ত্রাসীদের’ চালানো ‘অভ্যুত্থান’ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। তবে জাতিসংঘের একটি স্বাধীন অনুসন্ধান মিশন জানায়, বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের সময় কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই দমন-পীড়নে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার বড় একটি অংশ ঘটেছে ৮ ও ৯ জানুয়ারি রাতে।
বিদেশে থাকা মানবাধিকার সংস্থাগুলো জানায়, মৃত্যুদণ্ড দেওয়া অনেক রাজনৈতিক মামলার ক্ষেত্রেই নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং আইনি প্রক্রিয়ার গুরুতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেঙ্গাও’-এর তথ্য অনুযায়ী, চলতি বছর ইরান সরকার অন্তত ৭৯ জন ধর্মীয় বা রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর মধ্যে ৪০ জন জানুয়ারি মাসের বিক্ষোভের সময় গ্রেপ্তার হয়েছিলেন। এদের মধ্যে কয়েকজনকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানী আলী আলফোনেহ বলেন, ‘ইরান এমন একটি দেশ, যা বিশ্বের একমাত্র পরাশক্তির (যুক্তরাষ্ট্র) সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। একই সঙ্গে তারা ইসরায়েলের সঙ্গেও সংঘাতে রয়েছে। ইসরায়েলের সরকার তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত করার নীতি ঘোষণা করেছে। এই লক্ষ্য অর্জনে তারা অর্থনৈতিক ও সামরিক যুদ্ধের পথ বেছে নিতে পারে, অথবা যুক্তরাষ্ট্রের মদতে গৃহযুদ্ধ বাধিয়ে ইরানকে খণ্ডিত করার চেষ্টাও করতে পারে।’
আলী আলফোনেহ আরও বলেন, এই পরিস্থিতি বিবেচনায় নিলে বলা যায়, হুমকির মুখে থাকা অন্য যেকোনো শাসনব্যবস্থার মতোই ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষও দমনমূলক ব্যবস্থা নিয়েছে।
কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাব পরা, মদ্যপান, মাদক ব্যবহার এবং অন্যান্য সামাজিক বিষয়ের ওপর আইন প্রয়োগের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখিয়েছে। আলফোনেহ বলেন, এর একটি উদ্দেশ্য হলো—মানুষকে এমন সব কর্মকাণ্ডে ব্যস্ত রাখা, যা তাদের রাজনৈতিক সক্রিয়তা থেকে দূরে সরিয়ে রাখতে পারে।
আলফোনেহ আরও বলেন, ‘মনে হচ্ছে, দমন-পীড়নের বিষয়টি মূলত রাজনৈতিক স্বাধীনতা এবং শাসনবিরোধী অভ্যুত্থানের মতো বিষয়গুলোর জন্যই সংরক্ষিত রাখা হয়েছে।’
রাস্তায় বিপরীতমুখী দৃশ্য
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে, ইরানের ধর্মভিত্তিক শাসনব্যবস্থার মূলনীতির বিরুদ্ধে জনসমক্ষে কোনো বিরোধিতা দেখা দিলে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিচ্ছে। গত ৩০ অক্টোবর তেহরানের শৈল্পিক এলাকা ‘ইরানশাহর স্ট্রিট’-এর ক্যাফেগুলোতে তরুণ প্রজন্মের (জেনজি) শত শত ইরানি হ্যালোইন উদযাপন করেন, তাদের অনেকেই বিশেষ সাজপোশাক পরেছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল আরোহী এবং সাদা পোশাকে থাকা নিরাপত্তা কর্মীরা সেখানে উপস্থিত হয়ে ভিড় ছত্রভঙ্গ করে দেন এবং ক্যাফেগুলো বন্ধ করে দেন। এ সময় মারধর ও আটকের ঘটনা ঘটে। কাছাকাছি ‘আর্টিস্টস পার্ক’-এ যারা সন্ধ্যা কাটাচ্ছিলেন, তাদেরও সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এরপর থেকে একই সড়কে তারা সরকারপন্থি বিভিন্ন কেন্দ্র ও বুথ স্থাপন করেছে। সেখানে পতাকা উড়িয়ে সরকারের প্রশংসায় ‘বিপ্লবী’ স্লোগান দিচ্ছেন সমর্থকরা।
যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন চত্বর ও রাস্তায় সরকারপন্থিরা অবস্থান নিয়েছেন। এর মাধ্যমে তারা মূলত দেশের অভ্যন্তরীণ ও বাইরের বিরোধীদের উদ্দেশে এক ধরনের চ্যালেঞ্জ বা প্রতিরোধের বার্তা দিতে চেয়েছেন। ‘আত্মত্যাগ’ বা ‘জানফাদা’ অভিযানের অংশ হিসেবে এদের মধ্যে কেউ কেউ এসব স্থানে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেয়ে থাকে। তারা আইআরজিসির অধীনস্থ একটি অভ্যন্তরীণ আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সদস্য হিসেবে কাজ করে। এই বাহিনীটিকে সরকারবিরোধী বিক্ষোভ দমনের কাজে ব্যবহার করা হয়ে থাকে।
এমনকি, হ্যালোইনের অনেক আগে থেকেই তেহরানের ইরানশাহর, সানাই এবং অন্যান্য সড়কে আয়োজিত জমায়েতগুলোর সমালোচনা করেছে পুলিশ। যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে জীবনযাত্রার মান যখন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, তখন তরুণ ইরানিরা নিজেদের মতামত প্রকাশের সুযোগ খুঁজতে এই জায়গাগুলোকে জনপ্রিয় মিলনস্থল হিসেবে বেছে নিয়েছে।
তেহরান ট্রাফিক পুলিশের প্রধান তৈমুর হোসেইনি গত মাসে বলেন, ‘দুর্ভাগ্যবশত রাস্তাঘাটগুলো এখন এমন জায়গায় পরিণত হয়েছে, যেখানে মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে।’ তিনি আরও ইঙ্গিত দেন, তরুণ-তরুণীদের এই ধরনের জমায়েতের কারণেই সাম্প্রতিক মাসগুলোতে পুলিশ অনেক ক্যাফে ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই সরকার নারীদের জন্য একটি নির্দিষ্ট পোশাকবিধি (ড্রেস কোড) চাপিয়ে দিয়েছে। তবে ২০২২-২৩ সালে মাহসা আমিনিকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তার পর থেকে তেহরানসহ অন্যান্য শহরের নারীরা আইন অমান্য করে জনসমক্ষে হিজাব পরা ছেড়ে দিচ্ছেন।
কট্টরপন্থি গণমাধ্যম ব্যক্তিত্ব হোসেইন শরিয়তমাদারি এক নিবন্ধে লেখেন, ঢিলেঢালা হিজাব হলো ‘আসন্ন যুদ্ধে শত্রুপক্ষের ব্যবহৃত হাতিয়ারগুলোর মধ্যে একটি’ এবং বিষয়টিকে গুরুত্বসহ দেখা প্রয়োজন।
ভবিষ্যতের জন্য যুদ্ধ নাকি আলোচনা?
সরকারি দমন-পীড়নের বিষয়টি স্থানীয় গণমাধ্যমেও কিছুটা জায়গা পেয়েছে, তবে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সংস্কারপন্থি পত্রিকা ‘শারঘ’ হ্যালোইনের প্রাক্কালে ইরানশাহরে চালানো অভিযান নিয়ে লিখেছে—এটি ছিল এক উত্তেজনাকর রাত। পত্রিকাটি নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছে যেন তারা জনগণের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেন এবং তাদের জন্য আকর্ষণীয় সাংস্কৃতিক সুযোগ তৈরি করেন। সংবাদ ওয়েবসাইট ‘রুইদাদ২৪’ প্রশ্ন তুলেছে, তরুণ প্রজন্মের সাংস্কৃতিক পছন্দগুলোকে নিরাপত্তার সমস্যা হিসেবে গণ্য করা কতটা যৌক্তিক।
অতি-রক্ষণশীল পত্রিকা ‘কাইহান’ লিখেছে, হ্যালোইন উদযাপন হলো এক ধরনের ‘সাংস্কৃতিক বিচ্যুতি’, যা নওরোজের (পারস্য নববর্ষ) মতো প্রাচীন ঐতিহ্য সম্পর্কে মানুষের জ্ঞানকে দুর্বল করে দিচ্ছে।
তবে গত কয়েক বছরে ইরানি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ঐতিহ্যগুলোকেও রাজনীতিকরণের আওতায় এনেছে। যেমন—বিক্ষোভ চলাকালীন ‘চাহারশানবে সুরি’ (অগ্নি উৎসব) উদযাপনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সেখানে গুলি চালানোর ঘটনাও ঘটেছে।
কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুইরি মনে করেন, ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারবে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতের দিকে গড়াবে—তার ওপরই নির্ভর করছে ইরানে ভবিষ্যতে আরও বড় ধরনের বিক্ষোভ হবে কি না।
অনেক ইরানি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের বিক্ষোভকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত হিসেবে ব্যাখ্যা করা হতে পারে। অধ্যাপক জুইরি বলেন, বাস্তবতার দ্বিতীয় স্তরটি হলো—কোনো ইরানিই এমন কোনো শত্রু দেশের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না, যারা নিজের দেশকে আক্রমণ ও ধ্বংস করে দেয়। ভবিষ্যতে কোনো সমঝোতা হবে নাকি আরও যুদ্ধ ছড়িয়ে পড়বে, তা-ই নির্ধারণ করবে ইরান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে কীভাবে এগিয়ে যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক