বিদেশের বিমানবন্দরের মেঝেতে ভারতীয়দের ভোজ, নেট দুনিয়ায় সমালোচনা
ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে একদল ভারতীয় পর্যটককে ভিয়েতনামের একটি বিমানবন্দরের মেঝেতে বসে একসঙ্গে খাবার খেতে দেখা গেছে। চেয়ার খালি থাকলেও দল বেঁধে ওয়ানটাইম প্লেটে মধ্যাহ্ন ভোজের এই আয়োজনে বিদেশে ভারতীয়দের ভ্রমণের শিষ্টাচার ও জনসম্মুখে আচরণ নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। খবর এনডিটিভির।
ভিডিওটিতে দেখা যায়, বিমানবন্দরের একটি অপেক্ষাগারের মেঝেতে খবরের কাগজ বিছিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল একসাথে বসে খাবার খাচ্ছেন। লক্ষণীয় বিষয় হলো, কাছাকাছি বেশ কিছু চেয়ার খালি পড়ে থাকলেও দলটি মেঝেতে বসাকেই বেছে নেয়। ভ্রমণকারীদেরই একজনের ধারণ করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় স্টাইলে মধ্যাহ্ন ভোজ।’ পুরো ভিডিওটি জুড়েই দলের সদস্যদের আনন্দের সঙ্গে খাবার খেতে এবং ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা যায়।
সামাজিক মাধ্যম 'এক্স'-এ অনেক দর্শক এই পর্যটকদের তীব্র সমালোচনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে, এই ধরনের ঘটনা বিদেশে ভারতীয় ভ্রমণকারীদের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আপনাদের সবাইকে অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের ভারতীয় ভাইয়েরা ভিয়েতনামের একটি বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে 'ভান্ডারা' (বিনামূল্যে গণ-খাবার বিতরণ)-র আয়োজন করেছেন। বিদেশ ভ্রমণকারী সবার কাছে আমার অনুরোধ : দয়া করে কোনো বিমানবন্দরে এই ধরনের কাজ করবেন না।”
আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো বিশ্বে দেশের নাম ডুবিয়ে দাও।’
অন্য আরেকজন যোগ করেন যে, এই ধরনের আচরণ শেষ পর্যন্ত ভারতীয়দের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে আরও কঠিন করে তুলতে পারে। ‘তারা কী ভেবে এই কাজ করল?’ প্রশ্ন তুলেছেন একজন।
কারো কারো জন্য ঘটনাটি দেখাটাও বেশ ‘লজ্জাজনক’ ছিল।
এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতে স্কুলেই সামাজিক ও নাগরিক শিষ্টাচার শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা দরকার।’
আরেকজন বলেন, ‘আপনি আপনার খাবারের গন্ধ পছন্দ করেন বলেই যে অন্যরাও তা পছন্দ করবে এমন কোনো কথা নেই... বিমানবন্দর, বাস বা ট্রেনের মতো পাবলিক প্লেসে এই কাজ করবেন না।’

এনটিভি অনলাইন ডেস্ক