থালাপতি বিজয়ের জয়ে যা বললেন রজনীকান্ত
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেয়েছেন অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখরের (থালাপতি বিজয়) দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। এই জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন থেকে বিজয়কে অভিনন্দনে ভাসানো হচ্ছে। খবর এনডিটিভির।
তার এ জয়ে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক মাধ্যমে এক বার্তায় বিজয় ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার বার্তায় বলেছেন, জনগণের আস্থা অর্জন করে এই জয় সত্যিই প্রশংসনীয়।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয় পেয়ে টিভিকে রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন, তবুও এই ফলাফলকে বড় রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হচ্ছে।
এই নির্বাচনের মাধ্যমে প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে পা রাখা বিজয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকদের মতে, এই জয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
বিজয়ের এই সাফল্য শুধু রাজনৈতিক নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক