৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা এবার যুক্ত হলেন সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এ। সিনেমাটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে এটিই তার প্রথম কাজ। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। ইতোমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা।
শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থাটি। সেখানে অভিনেত্রীর ঝলক তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও অভিনয় করছেন সিমরান, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্নাসহ আরও অনেকে।
এই সিনেমা আসার খবর চাউর হওয়ার পর রজনীকান্তের অনুগামীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সিনেমাটির প্রথম পোস্টারে রজনীকান্তকে চিকিৎসকের চরিত্রে দেখা গেছে।
তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পাইয়ান’ বা খারাপ মানুষ। ফলে তার চরিত্রের মধ্যে নেতিবাচক দিক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ১৯৭৮ সালের ‘মুল্লুম মালারুম’ সিনেমায় রজনীকান্তের স্মরণীয় চরিত্রের সঙ্গেও কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। প্রকাশিত কয়েকটি ঝলকে অভিনেতার হাতে রক্তের দাগও দেখা গিয়েছে। ফলে ‘ধর্মন’-এ তাকে ধূসর চরিত্রে দেখার সম্ভাবনা আরও প্রবল হয়েছে।
জানা গেছে, এই সিনেমার তৃতীয় দফার শুটিং শেষ হয়েছে সেপ্টেম্বরে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। বর্তমানে মূল চিত্রধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে । সম্প্রতি সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন শ্রীলীলা ও নয়নতারা।
এদিকে, তামিল সিনেমায় ক্রমশ নিজের জায়গা পাকা করছেন অভিনেত্রী শ্রীলীলা। চলতি বছরের শুরুতেই ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তার। তারপর থেকেই একের পর এক বড় সিনেমার প্রস্তাব আসছে অভিনেত্রীর কাছে। সামনে ধানুশ ও মাম্মুট্টি অভিনীত ‘ওম’ সিনেমায় ধানুষের স্ত্রী রোজার চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’-সিনেমাত্রে দেখা যাবে তাকে।
‘ধর্মন’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে পেট্টা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টাইয়ান’ ও ‘কুলি’-র মতো সিনেমাতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। এখনও পর্যন্ত সিনেমার মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
সূত্র: ইন্ডিয়া টুডে

বিনোদন ডেস্ক