ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনের বেশি। এছাড়া ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চলছে।
রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি কেএআই আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৮৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর আল জাজিরার।
সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পাশের বেকাসি শহরের একটি রেলস্টেশনে কমিউটার ট্রেন ও দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
উদ্ধারকাজ পরিচালনাকারী সংস্থা বাসারনাসের প্রধান মোহাম্মদ সাফি জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনও কাজ চলছে। তবে ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং জায়গা সংকীর্ণ থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
মোহাম্মদ সাফি বলেন, আটকে পড়াদের জীবিত উদ্ধারে ধীরে ধীরে ধ্বংসস্তূপ কেটে এগোতে হচ্ছে। উদ্ধারকর্মীরা ধাতব কাঠামো কাটতে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করছেন।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫ জন বলা হলেও মঙ্গলবার সকালে তা বেড়ে ১৪ জনে পৌঁছায়।
রেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে আঘাত করলে সেটি লাইনে থেমে যায়। এরপর পিছন থেকে দ্রুতগতির দূরপাল্লার ট্রেনটি এসে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় জাকার্তা-সিকারাং রুটের কমিউটার ট্রেন এবং জাকার্তা-সুরাবায়া রুটের প্রিমিয়াম দূরপাল্লার ট্রেন ‘আরগো ব্রোমো অ্যাংগ্রেক’ জড়িত ছিল।
ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০১০ সালে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে ধাক্কা দিলে ৩৬ জন নিহত হন। ২০১৫ সালে একটি যাত্রীবাহী ট্রেন অনিরাপদ ক্রসিংয়ে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ১৮ জন নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক