প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিনমজুর নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামের ‘হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ’ মাজার শরীফের পাশের একটি কামরায় অবস্থান করছিলেন জাহেদ। এ সময় অভিযুক্ত স্থানীয় ফারুক মিয়া কামরায় প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন।
পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যেই পুলিশের অভিযান শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ