কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কসবা পৌর সুপার মার্কেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন মো. হোসেন (৪০), কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০), মো. জুয়েল (৩০), রাব্বি (২৫) ও রাসেদুল ইসলাম রাসেল। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির সমর্থক নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে ডাকবাংলো থেকে পৌর সুপার মার্কেট এলাকায় গেলে কমিটির বিরোধিতাকারী অপর পক্ষের নেতাকর্মীরা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় রূপ নেয়। এতে ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও পদবঞ্চিত নেতা রাজু আহমেদ অভিযোগ করে বলেন, অবৈধ কালো টাকার প্রভাব ও কবির আহমেদের হস্তক্ষেপে তৃণমূলের মতামত এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে গত তিন দিন ধরে আন্দোলন করে আসছি। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে নবগঠিত কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিমুল মিয়া বলেন, গত ১৭ বছর আমরা বহু হামলা ও মামলার শিকার হয়েছি। দীর্ঘ ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল একটি নতুন কমিটি গঠন করেছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করলে প্রতিপক্ষের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাজারের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের ১৩ সদস্যবিশিষ্ট দুটি আংশিক কমিটি ঘোষণা করে। উপজেলা কমিটিতে সিরাজুল হক ইমুকে সভাপতি, মো. শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পৌর কমিটিতে এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং জান্নাতুল বাকি হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনটির একাংশের নেতাকর্মীরা এর বিরোধিতা করে আসছিলেন। এর প্রতিবাদে গত ২ নভেম্বর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। ওই কর্মসূচিতে বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া ও তাঁর ছোট ভাই আবদুর রহমান সানির কুশপুত্তলিকা দাহ করা হয়। এর পর থেকেই নবগঠিত কমিটির সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)