মধ্য ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
মধ্য ইসরায়েলের গুশদান এলাকায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কবার্তার পরপরই এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২।
অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করা হলেও অন্য একটি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা বোমার আঘাতে হোলোন শহরে বেশ কিছু যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটিতে আগুন ধরে গেছে। এই হামলায় স্প্লিন্টারের গুরুতর আঘাতে অন্তত দুজন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
ইরান ইতোমধ্যে তাদের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানির হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল এই দুই হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পরই ইরান মধ্য ইসরায়েলে তাদের হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
আঞ্চলিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় পুরো উপসাগরীয় অঞ্চজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এদিকে, বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমায় আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর দিয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানানোয় ন্যাটো দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-বিরোধী যুদ্ধের জেরে মার্কিন প্রশাসনের অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট তার পদ থেকে পদত্যাগ করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক