সন্ধ্যার পরও মাতবে কক্সবাজার, তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু
কক্সবাজার মানেই প্রকৃতির এক অনন্য আয়োজন। তবে দিনের আলোয় সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় পর্যটকদের জন্য বিনোদনের সুযোগ তুলনামূলক কম। সেই ঘাটতি পূরণ করে পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’। এর মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ ও জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কার্নিভাল ঘিরে সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পর্যটকদের বিনোদনের পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানে কার্নিভালের পরীক্ষামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা, আয়োজক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় একটি অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটান, গোসল করেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। তবে সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেক পর্যটক একঘেয়েমিতে ভোগেন। তিন মাসব্যাপী এ কার্নিভাল পর্যটকদের সেই সময়টুকু আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকতসহ কক্সবাজারের বিপুল পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন কর্পোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারা আধুনিক হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটনসেবা গড়ে তুলেছেন।
দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন কর্পোরেশন। এর মাধ্যমে পর্যটনশিল্পের অবদান বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
পর্যটন খাতের বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে শামীম উজ্জামান বলেন, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি কর্মসংস্থানে যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২ শতাংশ।
পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কক্সবাজারের অসাধারণ সম্ভাবনা রয়েছে। তবে পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কিছু ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারকে প্রতিষ্ঠিত করতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের পর্যটনসেবা ও ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলা হবে। পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, তিন মাসের এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)