প্রাইভেট পড়ে মোটরসাইকেলে ফিরছিল তিন বন্ধু, সড়কে নিহত ২
পঞ্চগড়ের বোদা উপজেলার শাহাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বোদা উপজেলার ফুলবাড়ি সাকোয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. রাহাত (১৬) ও মো. আতাউর রহমানের ছেলে মো. সাদিক (১৬)। আহত মো. রাব্বি (১৬) চন্দনবাড়ী এলাকার আবু শাহের ছেলে। তারা তিনজনই সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়া শেষে তারা তিনজন মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহাত ও সাদিককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়