স্বামীর দাফন শেষ হতেই শোকে স্ত্রীর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে পরম ভালোবাসার অনন্য ও হৃদয়বিদারক এক দৃষ্টান্ত স্থাপন করে চলে গেলেন এক বৃদ্ধ দম্পতি। স্বামীর দাফন সম্পন্ন করে স্বজনেরা বাড়ি ফিরতে না ফিরতেই স্বামীর বিচ্ছেদ শোক সইতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্ত্রী।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামে প্রবীণ দম্পতি ওমর আলী (৮০) ও হরতন বেগম (৭৮)-এর ক্ষেত্রে এ অলৌকিক ভালোবাসার করুণ পরিণতি ঘটে। একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন প্রয়াণে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর গতকাল বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওমর আলী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
দাফন শেষে স্বজনেরা বাড়িতে ফেরার পর স্বামী হারানোর শোকে বারবার মূর্ছা যেতে থাকেন স্ত্রী হরতন বেগম। একপর্যায়ে স্বামীর শোক সামলাতে না পেরে আজ দুপুর ১টার দিকে নিজ ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, মারা যাওয়া বৃদ্ধ দম্পতি সম্পর্কে আমার চাচা-চাচি। চাচা ওমর আলী দীর্ঘ ২৫ বছর ধরে এলাকার মসজিদে আজান দিয়েছেন। দুজনেই ছিলেন অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ। চিকিৎসার জন্য ঢাকায় থাকায় আমি শেষ দেখা দেখতে পারলাম না। আল্লাহ তাদের দুজনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
প্রতিবেশীরা জানান, তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুসংহত ও ভালোবাসায় পূর্ণ। স্বামীর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর এমন চলে যাওয়া পুরো গ্রামে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে। একই দিনে পাশাপাশি কবরে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)