অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার
চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর গল্পটা আবারও লিখল বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল কাতালানরা। এর আগে শনিবার ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট অর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও দুই দল অবস্থান করছিল সমান পয়েন্টে। ফলে অ্যাতলেটিকোর বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া অন্য কোনো ফল মেনে নেওয়ার সুযোগ ছিল না বার্সার সামনে।
৮ নভেম্বর (রোববার) লা লিগায় নিজেদের আধিপত্য ধরে রাখতে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে দারুণ জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল বর্তমান চ্যাম্পিয়নরা। মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তবে বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়াকে একা পেয়েও বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।
এরপর দুই দলই একবার করে গোলপোস্টের বাধায় পড়ে। মার্ক পিউবিলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে পেদ্রির শটও পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান জিউলিয়ানো সিমিওনে।
গোলের পরপরই এক মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হয়। মাঠে খেলা চলাকালে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের স্মরণে শ্রদ্ধা জানান দুই দলের খেলোয়াড় ও সমর্থকেরা।
এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় অ্যাতলেটিকো। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফেরে বার্সেলোনা। স্বাগতিকদের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগ কাজে লাগান ফারমিন লোপেজ। দুর্দান্ত বাঁকানো শটে দলকে সমতায় ফেরান এই স্প্যানিশ মিডফিল্ডার।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও বেশি নিজেদের হাতে নেয় বার্সেলোনা। আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। এরই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে লিড পায় সফরকারীরা।
লামিনে ইয়ামালের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফারমিন। তার নিখুঁত ফিনিশিংয়ে পরাস্ত হন অ্যাতলেটিকোর অভিজ্ঞ গোলকিপার ইয়ান ওবলাক।
শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণে যায় অ্যাতলেটিকো। তবে বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়াকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি স্বাগতিকরা। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
এই হারে লা লিগায় নিজেদের দ্বিতীয় পরাজয়ের মুখ দেখল অ্যাতলেটিকো মাদ্রিদ। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে ৩০ পয়েন্ট নিয়ে তাদের তিন পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো রয়েছে তৃতীয় অবস্থানে।

স্পোর্টস ডেস্ক