ব্রুকের রেকর্ডগড়া ইনিংসে ইংল্যান্ডের রান পাহাড়
শুরুর ব্যাটিং দেখে মনে হয়নি ইংল্যান্ড এমন রানের পাহাড় বানাতে পারবে। তবে সব ধারণাকে ভুল প্রমাণিত করলেন হ্যারি ব্রুক। উইকেটে নেমে তিনি যেন চার-ছক্কার বৃষ্টি নামালেন। সেই বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার বোলাররা। ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডকে এনে দিলেন চারশ ছাড়ানো পুঁজি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রান করেছে ইংল্যান্ড।
ব্রুক যখন উইকেটে নামেন তখন ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভালো ছিল না। ৮৫ রানেই দুই ওপেনারকে হারিয়েছে তারা। কিন্তু ব্রুক যেন নেমেছিলেন ভিন্ন এক ছন্দ নিয়ে। যে ছন্দে মুগ্ধ হয়েছেন মাঠে আসা দর্শকরা এবং টিভির সামনে থাকা দর্শকরা। রাওয়ালপিন্ডির গ্যালারিতে একের পর এক বল পাঠিয়েছেন তিনি। ১১৪ বলেই তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সাদামাটা শুরু করেন দুই ইংলিশ ওপেনার টম ব্যান্টন ও বেন ডাকেট। ইনিংসের ১৪তম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৫১ বলে ৫০ রান করা ব্যান্টন ফিরলে ভাঙে ৭৪ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্রুতই ফেরেন আরেক ওপেনার ডাকেটও (৩৯ বলে ২৯)।
শতক ছাড়ানোর আগেই দুই উইকেট হারানো ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক আর জো রুট। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১২৭ বলে ১৫৯ রানের জুটি। হাফসেঞ্চুরি করে ৬৬ বলে ৬৯ রান করে রুট ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর উইল জ্যাকসকে নিয়ে আরেকটি জুটি গড়েন ব্রুক। চতুর্থ উইকেটের এই জুটি ছিল আরও আক্রমণাত্মক দুই দিক থেকেই ঝড় তোলেন ব্রুক আর জ্যাকস। মাত্র ৭৯ বলে ১৮৫ রানের জুটি গড়েন এই দুজন।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রুক। চার-ছক্কার বৃষ্টিতে ইতিহাস গড়া ব্যাটিং করেন তিনি। মাত্র ১১৪ বলে তুলে ডাবল সেঞ্চুরির। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি। রেকর্ডগড়া ইনিংস খেলে শেষ বলে আউট হয়ে ফেরেন তিনি। শেস পর্যন্ত ১১৬ বলে ২০২ রানের ইনিংস খেলেন ব্রুক।
অন্যপ্রান্তে ঝড় তোলা জ্যাকস অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। টর্ণেডো ব্যাটিংয়ে জ্যাকস খেলেন ৩০ বলে ৬০ রানের ইনিংস। ইংল্যান্ড দাঁড় করায় ৪২৯ রানের পুঁজি।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন দুনিথ ওয়েল্লাগে। একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো আর জেনিথ লিয়াঙ্গে।

স্পোর্টস ডেস্ক