ইতিহাস গড়া সেই পুরস্কার বুঝে পেলেন মেসি
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। চলতি মৌসুমেও নাম লিখিয়েছেন নতুন এক ইতিহাসে। টুর্নামেন্টটির ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন তিনি। সেটারই পুরস্কার বুঝে পেলেন এবার।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের আগে লিওনেল মেসিকে ঘিরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্লাবের সহমালিক জর্জ মাস আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাতে তুলে দেন বিশেষ এই পুরস্কার। মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট পেলেন তিনি।
এমএলএস কাপ প্লে-অফের আগে প্রথম খেলোয়াড় হিসেবে লিগের ইতিহাসে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন মেসি। রেগুলার সিজনের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মায়ামি অধিনায়ক। এফসি ডালাসের স্ট্রাইকার পিটার মুসা (২২ গোল) ও ন্যাশভিলের স্যাম সুরিজকে (২১ গোল) পেছনে ফেলে সবার ওপরে ছিলেন তিনি।
শুধু গোল করাতেই থেমে থাকেননি মেসি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। সব মিলিয়ে ৪৩ গোলে সরাসরি অবদান রেখে এই মৌসুমে যে কারও চেয়ে এগিয়ে ছিলেন তিনি। ম্যাচপ্রতি ০.৮৪ গোল করার হারেও শীর্ষে ছিলেন এই তারকা। এমএলএস ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব দেখালেন মেসি।
এর আগে ২০২৫ সালে আরও দুর্দান্ত মৌসুম কাটিয়েছিলেন মেসি। ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট মিলিয়ে ৪৮ গোলে অবদান রেখে প্রথমবার গোল্ডেন বুট জেতেন তিনি। ওই মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় বা এমভিপি পুরস্কারও জিতেছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। টানা তৃতীয়বারের মতো এমভিপি হওয়ার দৌড়েও মনোনয়ন পেয়েছেন তিনি। এবার জিতলে ব্যক্তিগত পুরস্কার জয়ের ইতিহাসে নতুন রেকর্ড গড়বেন মেসি।
ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে নক-আউট পর্বে উঠেছে মায়ামি। বেস্ট অব থ্রি সিরিজে সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রুর মুখোমুখি হয়েছে তারা।
গত বছর এমএলএস কাপের ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে শিরোপা জিতেছিল মায়ামি। সেবার নক-আউট পর্বে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেসি।

স্পোর্টস ডেস্ক