অস্ট্রেলিয়ার সেই ‘বল টেম্পারিং’ নিয়ে বোমা ফাটালেন ওয়ার্নারও
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের সেই ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রিকেট বিশ্বেরই অন্যতম কলঙ্কজনক অধ্যায়। সেসময় এই ঘটনার কারণে নিষিদ্ধ হয়েছিল তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার- স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।
এই ঘটনায় তৎকালীন অসি অধিনায়ক স্মিথকে নিষিদ্ধ করা হয়েছিল ১ বছরের জন্য। বল বিকৃতিতে সরাসরি জড়িত থাকায় তাকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ব্যানক্রফটকে। তবে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছিলেন ওয়ার্নার। তাকেও সেসময় ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে সঙ্গে সঙ্গে আজীবনের জন্য নেতৃত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও ২০২৪ সালে সেটি আবার প্রত্যাহার করে নেওয়া হয়।
দীর্ঘ ৮ বছর পর আবারও সেই বিতর্ক সামনে নিয়ে আসেন সাবেক অসি ব্যাটার উসমান খাজা। নিজের আত্মজীবনী নিয়ে লেখা বইয়ে তিনি বলেন, সেসময় বল টেম্পারিং কাণ্ডে শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটার নয়। এটি টিমের সবাই জানত। আর ড্রেসিং রুমেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই বিতর্কের মাঝেই এবার বিষয়টি মুখ খুললেন ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক ভিডিও বার্তায় ওয়ার্নার জানান, দীর্ঘ আট বছর তিনি এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি। তবে সতীর্থ উসমান খাজার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, খাজা যা প্রকাশ করেছেন তা একশ ভাগ সত্যি। আর এই সত্যটা সবার সামনে আসা ভীষণ জরুরি ছিল।
তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ওয়ার্নার বলেন, সেসময়ের তদন্তের পুরো প্রক্রিয়াটি ছিল অনেক তাড়াহুড়ো এবং ত্রুটিপূর্ণ। ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের ঠিক পাশেই বসা ছিলেন উসমান খাজা, অথচ তদন্তকারীরা তার কোনো সাক্ষাৎকার নেওয়ারও প্রয়োজন মনে করেননি! একে কীভাবে একটি পুঙ্খানুপুঙ্খ বা নিরপেক্ষ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে হতবাক করে।’
উসমান খাজা বিষয়টি সামনে আনার পর অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করছেন, বই বিক্রির জন্য খাজা এসব বলছেন। কেউ প্রশ্ন তুলছেন আট বছর পর কেনো এটি আবারও সামনে আনছেন খাজা? বিষয়টি ওয়ার্নার বললেন, খাজাকে জবাবদিহি না করে বরং তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি করতে বলা।
ওয়ার্নার বলেন, ‘আমরা এখানে কাউকে দোষারোপ করতে বা পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তুলতে আসিনি। মূল বিষয়টি হলো জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সত্যকে সঠিকভাবে যাচাই করা নিশ্চিত করা। হয়তো এখন সময় এসেছে সেই মানুষটিকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ করার—যে (খাজা) জবাবদিহিতা চাচ্ছে এবং যারা তদন্তের দায়িত্বে ছিল, তাদেরই জবাবদিহি করতে বলা।’
এই সত্য প্রকাশ করতে গিয়ে নিজের পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কথাও খোরেছেন ওয়ার্নার। তিনি জানান, গত কয়েক দিনে তার ১২ বছরের মেয়ে আইভির মুখোমুখি হতে হয়েছিল তাকে। ছোট্ট মেয়ে বাবাকে প্রশ্ন করেছিল—কেন সেসময় তাদের আটকে রাখা হয়েছিল, কেন এত ক্যামেরা ছিল এবং কেন তাদের টিভিতে কেঁদেছিল?
মেয়ের সেই কঠিন প্রশ্নের উত্তর দেওয়াটা তার জন্য কতটা হৃদয়বিদারক ছিল, তা উল্লেখ করে ওয়ার্নার বলেন, তিনি মেয়েদের কেবল একটি কথাই শিখিয়েছেন—‘সবসময় সত্যি কথা বলবে, কারণ মিথ্যা একদিন না একদিন ঠিকই প্রকাশ হয়ে পড়ে।’
ওয়ার্নার আরও বলেন, বিগত আট বছর ধরে গণমাধ্যমে নানা অসত্য তথ্য ও তকমা সহ্য করতে হয়েছে তাদের। নিজের পরিবার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের জন্যও সময়টা বেশ কঠিন ছিল। তবে দীর্ঘ দিন পর হলেও এই সত্যগুলো সবার সামনে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
খাজার সাহসিকতার প্রশংসা করে ওয়ার্নার তার ভিডিও বার্তায় বলেন, এখন সময় এসেছে অতীতের ক্ষত নিয়ে কাঁটাছেঁড়া বন্ধ করার এবং প্রকৃত সত্যকে মেনে নেওয়ার।

স্পোর্টস ডেস্ক